উনিশ শতকের শুরুতে পূর্ব বাংলার ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও ঢাকা অঞ্চলে কৃষকদের ওপর চেপে বসেছিল ব্রিটিশ নীলকরদের নীলচাষের নির্মম অত্যাচার। কৃষকের উর্বর জমিতে খাদ্যশস্যের বদলে জোর করে নীল বোনা হতো। অন্যদিকে জমিদাররা কৃষকদের ওপর চাপিয়ে দিয়েছিল দাড়ি রাখার ট্যাক্সসহ নানা বেআইনি আবওয়াব বা অতিরিক্ত কর। এই দুঃসময়ে এক ঐতিহাসিক সামাজিক ও কৃষক বিপ্লবের সূচনা করেছিলেন হাজী শরীয়তুল্লাহ।
ধর্মীয় সংস্কার থেকে কৃষক প্রতিরোধ
হাজী শরীয়তুল্লাহ প্রবর্তিত ফারায়জী আন্দোলন শুরুতে ধর্মীয় ফরজ পালনের আহ্বান জানালেও খুব দ্রুত তা জমিদার ও নীলকরবিরোধী কৃষক গণসংগ্রামে রূপ নেয়। তিনি ঘোষণা করেন— জমি যার, ফসল তার; এবং অন্যায্য কোনো কর বা অত্যাচার মেনে নেওয়া পাপ। কৃষকরা একত্রিত হয়ে নীল চাষ করতে অস্বীকৃতি জানায় এবং জমিদারদের লাঠিয়াল বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে।





