তৃণমূল পর্যায়ে সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির যথাযথ বাস্তবায়ন এবং প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষায় ইউনিয়ন পরিষদগুলোর ১৩টি বাধ্যতামূলক স্থায়ী কমিটির মধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কমিটিকে পূর্ণ কার্যকর করার জোরালো দাবি জানিয়েছেন তৃণমূলের কৃষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অভিযোগ রয়েছে, বহু ইউনিয়নে এই কমিটির নিয়মিত বৈঠক হয় না এবং বরাদ্দ বিতরণে রাজনৈতিক প্রভাব খাটানো হয়।
বর্গাচাষীদের জন্য স্বতন্ত্র তালিকা প্রণয়ন
বর্তমানে সরকারিভাবে কৃষি কার্ড ও প্রণোদনা বিতরণের ক্ষেত্রে জমির প্রকৃত মালিকদের প্রাধান্য দেওয়া হয়, যার ফলে দেশে থাকা লক্ষাধিক বর্গাচাষী ও ভূমিহীন দিনমজুর সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। ইউনিয়ন পরিষদ কৃষি স্থায়ী কমিটিতে অন্তত ৩৩ শতাংশ প্রকৃত বর্গাচাষী ও নারী কৃষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।





