খুলনার সম্ভাবনায় সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি

রূপসায় আন্তর্জাতিক মানের আধুনিক মাছবাজার চাই: খুলনার সম্ভাবনায় সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি

কৃষি ডেস্ক(চিফ এডিটর)
১১ অক্টোবর, ২০২৬, ৬:৩০ PM (বাংলাদেশ সময়)৩ মিনিট পাঠ৪ বার পঠিত
রূপসায় আন্তর্জাতিক মানের আধুনিক মডেল ফিস মার্কেট প্রতিষ্ঠার দাবি
খুলনার রূপসা পাইকারি মাছবাজারকে আন্তর্জাতিক মানের আধুনিক মডেল ফিস মার্কেটে রূপান্তরের প্রস্তাব।ছবি: কৃষি সাংবাদিক ড. বায়েজিদ মোড়ল / এগ্রিকালচার নিউজ ২৪
হরফ:

খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, উপকূল ও ঘেরভিত্তিক বিশাল মৎস্য অর্থনীতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রূপসায় একটি অত্যাধুনিক পাইকারি মাছবাজার (মডেল ফিস মার্কেট) প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে উঠেছে। নদী, সুন্দরবন এবং বঙ্গোপসাগর সংলগ্ন এই অঞ্চলের ঘের, পুকুর, নদী ও খালকে ঘিরে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে। উৎপাদন থেকে শুরু করে বরফ সরবরাহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি—এই পুরো সরবরাহ শৃঙ্খলকে কার্যকর রূপ দিতে রূপসায় আধুনিক অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রস্তাবিত এই মডেল ফিস মার্কেটের মূল লক্ষ্য হবে আধুনিক সংরক্ষণ ও কোল্ড চেইন সুবিধা নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে চাষির ন্যায্যমূল্য প্রাপ্তি সহজতর করা, দেশীয় ভোক্তাদের কাছে স্বাস্থ্যসম্মত নিরাপদ মাছ পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ জোরদার করে রপ্তানি আয় বৃদ্ধি করা।

বিশাল অর্থনৈতিক সম্ভাবনা ও বর্তমান সংকট

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের মৎস্যসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, জীবিত কাঁকড়া ও কুচিয়া দেশের চাহিদা মিটিয়ে নিয়মিত বিদেশে রপ্তানি হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে কেবল খুলনা অঞ্চল থেকেই প্রায় ২ হাজার ১৪৬ কোটি টাকার মাছ ও মৎস্যপণ্য রপ্তানি হয়েছে। তবে আধুনিক অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করা যাচ্ছে না। বাজারে পৌঁছাতে দেরি হওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত বরফ ও আধুনিক কোল্ড চেইনের অভাবে প্রতিনিয়ত পণ্যের গুণগত মান বিনষ্ট হচ্ছে, যার সরাসরি আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে প্রান্তিক চাষি ও সাধারণ ব্যবসায়ীদের।

কাঁকড়া ও কুচিয়ার জন্য বিশেষায়িত ব্যবস্থাপনা

মৎস্য বাণিজ্যে উচ্চমূল্যের অপ্রচলিত রপ্তানিপণ্য হিসেবে কাঁকড়া ও কুচিয়া অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষ করে খুলনার ডুমুরিয়াসহ আশপাশের এলাকায় বাণিজ্যিক কাঁকড়া চাষ ব্যাপক প্রসার লাভ করেছে। তবে হিমায়িত মাছের চেয়ে জীবিত কাঁকড়া ও কুচিয়ার সংরক্ষণ ও পরিবহন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রস্তাবিত রূপসা আধুনিক বাজারে এসব পণ্যের জন্য আলাদা রিসিভিং পয়েন্ট, বাছাই, অস্থায়ী পরিচর্যা কেন্দ্র, প্যাকেজিং ও সার্বক্ষণিক অক্সিজেনসমৃদ্ধ দ্রুত পরিবহন ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

জমি বরাদ্দে ফোয়াবের আবেদন ও প্রশাসনের ইতিবাচক মনোভাব

ঐতিহ্যবাহী রূপসা মাছবাজারকে আধুনিক মডেল ফিস মার্কেটে রূপান্তরের লক্ষ্যে সরকারি খাসজমি বরাদ্দের জন্য সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)। ঢাকার কেন্দ্রীয় পাইকারি বাজার ও চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটের আদলে রূপসায় এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) জানান, সরকার নীতিগত সহায়তা ও জমি বরাদ্দ নিশ্চিত করলে তারা সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বা যৌথ উদ্যোগে আধুনিক বাজার স্থাপন ও পরিচালনায় অংশ নিতে প্রস্তুত।

এদিকে ফোয়াবের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে স্বাগত জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি উল্লেখ করেন, বর্তমান রূপসা বাজারের নিকটবর্তী এলাকায় অব্যবহৃত সরকারি জমি রয়েছে, যা যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে নতুন জমি অধিগ্রহণের জটিলতা ছাড়াই দ্রুত আধুনিক মৎস্যবাজার গড়ে তোলা সম্ভব। এছাড়া বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) মতবিনিময় সভায়ও রূপসাকে মডেল ফিস মার্কেটে রূপান্তরের জোরালো দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিশ্বমানের মডেল ও মান নিয়ন্ত্রণ সংযোগ

জাপানের টোকিওর বিশ্ববিখ্যাত টয়োসু মার্কেট এবং অস্ট্রেলিয়ার সিডনি ফিশ মার্কেটের সফল অভিজ্ঞতাকে সামনে রেখে রূপসার পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত বদ্ধ চত্বর, স্বাস্থ্যসম্মত ড্রেনেজ ব্যবস্থা, ডিজিটাল নিলাম এবং পণ্যের ট্রেসেবিলিটি (উৎস শনাক্তকরণ) সুবিধা থাকবে। একইসঙ্গে খুলনায় অবস্থিত মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ (এফআইকিউসি) ল্যাবরেটরির সাথে বাজারের সরাসরি সংযোগ স্থাপন করে ক্ষতিকর উপাদান, হেভি মেটাল ও অ্যান্টিবায়োটিক পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক রপ্তানি সনদ প্রাপ্তি সহজ করার কথা বলা হয়েছে।

চাষির ন্যায্যমূল্য ও পরিবেশগত সুরক্ষা

মডেল ফিস মার্কেটে স্বচ্ছ ডিজিটাল ওজন স্কেল, নিয়মিত উন্মুক্ত বাজারদর প্রকাশ এবং সরাসরি লেনদেনের সুযোগ নিশ্চিত করা গেলে প্রান্তিক চাষিরা তাদের কঠোর পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। একইসঙ্গে বাজারের বর্জ্য যাতে রূপসা নদী বা আশপাশের পরিবেশে দূষণ না ঘটায়, সেজন্য শুরু থেকেই আধুনিক ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট বা কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

ক
প্রতিবেদক পরিচিতি

কৃষি ডেস্ক

কৃষিবার্তা-এর মাঠপর্যায়ের নিজস্ব প্রতিনিধি ও সংবাদ সংগ্রাহক।

রূপসায় আন্তর্জাতিক মানের আধুনিক মাছবাজার চাই: খুলনার সম্ভাবনায় সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি | কৃষিবার্তা